মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার মিটার ইলিশ ধরার জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। পরে জালগুলো বামনসুন্দর ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বামনসুন্দর ঘাটসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালানো হয়। এ সময় আট স্তরে স্থাপন করা বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো বামনসুন্দর ঘাটে নিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের মিরসরাই কন্টিনজেন্ট কমান্ডার ও সদস্যরা অংশ নেন।
মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার মিটার ইলিশ ধরার জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। জব্দ করা জালগুলো বামনসুন্দর ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময় সবাইকে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








