মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
‘যারা ২৪শের আন্দোলনে সেদিন জনরোষের আওতায় পড়েছিল, তারা সেদিন যে পেইনটা নিয়েছে, আমরা আমাদের ভবিষ্যতে সে পেইন, সে ধরনের কোনো চিত্র যেন না আসে। আমরা হয়ত মনে করতে পারি, আমাদের মত অনেকে ঘরে ছিল না আমার কিছু হবে না, কিন্তু অনেকের অনেক কিছু হয়েছে। আমরা নিরপেক্ষ, আমরা কারো প্ররোচনায় কোনো কাজ করবো না। যে অপরাধ করবে সেই অপরাধী; সে ধারনা আমাদের মধ্যে পোষণ করতে হবে। যদি সেটি না করতে পারি তাহলে আমাদের পবিত্র যে পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না।’ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, ‘আইনের বাহিরে কাউকে সুযোগ-সুবিধা দেওয়ার সে অধিকার আমাদের নেই, কিন্তু আমি আপনাদের বলব, আপনার কাছে যারা আসবে, আপনি তাদের কথা দয়া করে শুনবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন। আপনার অবস্থান থেকে আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন। যাতে সে কোনোভাবে অন্য কোনো দালালের খপ্পরে না পড়ে। আমাদের যাদের কাছে সেবাপ্রার্থীরা আসে আমি তাদের অনুরোধ করব, আপনি তাদের কথা সমাধান করতে পারেন বা না পারেন আপনি তাদের সামনে ব্যস্ততার কোনো অযুুহাত দাঁড় করাবেন না। ব্যস্ততার অজুহাত না দাঁড় করিয়ে তাদের কথা শুনবেন এবং আপনার যে জ্ঞানের পরিসর আছে আপনি তাদেরকে সে জায়গা থেকে তাদের পরামর্শ প্রদান করবেন।’
মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে সে ব্যাপারে কাজ করতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই দিন মিরসরাই উপজেলা ভূমি অফিস, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ, মিরসরাই থানার কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন করেন।







