মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বজনের দাফন শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন চট্টগ্রাম সিএমএম কোর্টের সাবেক বিচারক রেজাউল করিম চৌধুরীসহ ৪ জন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসার। এদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের জয়নাল আবেদীন সাজু মেম্বারের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। মঙ্গলবার রাতে জানাজা ও দাফন শেষে রাত সাড়ে ১২ টায় প্রাইভেটকারযোগে সীতাকুণ্ডের বারোআউলিয়া যাচ্ছিলেন রেজাউল করিমরা। রেজাউল করিম নিজে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছলে ডাকাতদল গাড়িকে লক্ষ্য করে লোহার এঙ্গেল মেরে গাড়ি থামিয়ে দেয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে আাহত করে। ডাকাতদল চলে যাওয়ার পর তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মারা যাওয়া নারীর স্বজন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমার জেঠিমা অসুস্থ্য হয়ে মারা গেলে মঙ্গলবার রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দাফন শেষ করে আমার ফুফাতো ভাইয়েরা প্রাইভেটকারযোগে তাদের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে নয়দুয়ারিয়া এলাকায় লোহার এঙ্গেল মেরে উনাদের গাড়িতে ডাকাতদল হামলা করে সবকিছু ছিনিয়ে নেয়। সবকিছু নিয়েও ডাকাতদল ক্ষান্ত হয়নি, তারা সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে ডাকাতদল চলে গেলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে জাবেদ কাউসার ভাইয়ের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।’
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘এ ধরনের কোন ঘটনা আমি শুনিনি। আমি ও আমাদের টিম রাত ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্টোল ডিউটিতে ছিলাম। এ ব্যাপারে অভিযোগ ফেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’








