মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ইসলামপুর এলাকার আলেয়া বেগমের ভাড়াটিয়া কামরুলের ঘরের সামনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জাহিদ হোসেন (২৭) পালিয়ে যায়।
অপর একটি অভিযানে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারের সামনে থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার মৃত উগ্য মারমার ছেলে আপ্রু মারমা (৩০) এবং মহালছড়ি থানার সুমিত রঞ্জন চাকমার ছেলে নিটো চাকমা (৩০)।
এদিকে পৃথক অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এক থেকে সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা শেষে বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া পূর্বের একটি রাজনৈতিক মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধি আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারি, চার মাদকসেবীসহ বিভিন্ন মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পলাতক জাহিদ হোসেন এবং গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
—







