ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে মোহাম্মদ আশরাফ (১৮) নামের এক তরুণ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আশরাফ মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)। নিহত আশরাফ পড়াশোনার পাশাপাশি সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় বাবার দোকানে সহায়তা করত সে। ঘটনার সময় দোকান থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে সে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপ, ট্রাক ও দুটি কাভার্ডভ্যান মিলে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে কাভার্ডভ্যান গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কাভার্ডভ্যান চালক সিটে আটকা পড়েন। ঠিক একই সময়ে রাস্তা পারাপারের সময় পথচারী আশরাফ এই দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত পথচারী আশরাফ, আহত সোহাগ, আহত রাসেল ও আহত নুরুল আমিনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পথচারী আশরাফসহ দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ মারা যান।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত আশরাফ, সোহাগ, রাসেল ও নুরুল আমিনকে হাসপাতালে আনা হলে তাঁদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
—







