মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮২ কেজি গাঁজাসহ ১ ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভাস্থ চট্টগ্রামমুখী লেনে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ট্রাকচালক মাশরাফ উদ্দিন রাহাত (১৯) ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার আব্দুর রবের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এসময় হলুদ-নীল রঙের ট্রাক একটি ট্রাক (ফেনী-ট-১-০৯৭২) তল্লাশি করে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় কৌশলে গাড়ি থেকে নেমে যায় এবং তাকে গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।








