তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার আলোচিত মেয়র সাইদুর রহমানের বিরুদ্ধে এবার ভিজিএফ উপকারভোগীদের তালিকা নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, এমপির নির্দেশনা লঙ্ঘন করে মেয়র তার অনুগতদের প্রাধান্য দিয়ে তালিকা প্রণয়ন করেছে। এমনকি পৌর নির্বাচনে যারা নৌকার বিপক্ষে ভোট করেছে তাদের প্রাধান্য দিয়ে দলের হতদরিদ্র নেতা ও কর্মীসমর্থকদের বঞ্চিত করা হয়েছে।জানা গেছে, মুন্ডুমালা পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩ হাজার ১১০ পরিবারের মাঝে ভিজিএফ’ কর্মসূচির ১০ কেজি করে চাউল বিতরণের উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে স্থানীয় সাংসদের কৌটায় পৌরসভার নয় ওয়ার্ডে ৯০০টি কার্ড দলীয় নেতাকর্মীদের জন্য এবং দুই হাজার ১১০টি কার্ড মেয়রকে দিয়ে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করতে বলা হয়। এরই প্রেক্ষিতে পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন দলীয় নেতাকর্মীদের ৯০০ উপকারভোগীর তালিকা প্রণয়ন করে পৌরসভায় জমা দেন। কিন্ত্ত এমপি কৌটার তালিকা না নিয়ে মেয়র সাইদুর রহমান তাচ্ছিলতা করে ফিরিয়ে দিয়েছে। এদিকে খবর ছড়িয়ে পড়লে পৌরবাসীর মাঝে তীব্র ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন বলেন, এটা সাংসদকে অবমাননার সামিল, আর সাংসদের অবমাননা মানে তানোর-গোদাগাড়ীর মানুষকে অবমাননা করা। তিনি বলেন, ৯০০ কার্ডের তালিকা প্রণয়ন করতে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, এমপি কৌটার তালিকা জমা নিবে না মেয়র এটা আগে বললে এই টাকা কার্ড তৈরীতে খরচ না করে সেই টাকায় কিছু মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা যেতো। এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও মেয়র সাইদুর রহমান কল গ্রহণ করেনি।#








