ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি ভলভো বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট ভলভো বাস দ্রুতগতিতে চলার সময় সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, “বাসটি এয়ারকন্ডিশনযুক্ত হওয়ায় আগুন লাগার পর যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে পালাতে সক্ষম হয়েছেন, তারাই প্রাণে বেঁচে গেছেন।”
তিনি আরও বলেন, “বাসটিতে দুই চালকসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।”
এদিকে ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছে। দগ্ধদের দ্রুত চিকিৎসা দিতে স্থানীয় প্রশাসন তৎপরতা শুরু করেছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
এর আগে, চলতি মাসের ১৪ অক্টোবর রাজস্থানের থাইয়াত গ্রামে জয়সালমের থেকে যোধপুরগামী একটি বাসে আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়েছিল। সেদিনও এয়ারকন্ডিশন ইউনিটে শর্টসার্কিট হয়ে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হয়।






