ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১১টায় নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। আর পরদিন অর্থাৎ সোমবার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মূল শপথ অনুষ্ঠান হবে রোববার সন্ধ্যায়। প্রধানমন্ত্রী শনিবার বিকেলে নয়াদিল্লি পৌঁছাবেন। তিনি মূল শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিসহ অন্য নেতাদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করতে পারেন।
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা। এ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি উচ্চ পদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রথমে ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠানের কথা ছিল। পরে একদিন পিছিয়ে ৯ জুন করা হয়। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মোদি।





