দীর্ঘ চার বছর পর শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ আসছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।
উদ্বোধন হতে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জায়গায় ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ময়মনসিংহ সদরের চর সিরতায় ৫০ শয্যাবিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১টি বিদ্যালয় ও কলেজের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ময়মনসিংহ জেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোণার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূলভবন, শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ উদ্বোধন।
উদ্বোধনযোগ্য ৭৩টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২১টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ময়মনসিংহ সিটি করপোরেশন চারটি, গণপূর্ত অধিদপ্তর তিনটি, জেলা পরিষদ ও ময়মনসিংহ সদর উপজেলা দুইটি করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি একটি করে প্রকল্প বাস্তবায়ন করেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৩০ প্রকল্পের মধ্যে রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম বাণিজ্যিক ভবন, ছত্রপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবন, আনন্দ মোহন সরকারি কলেজে নির্মাণাধীন ৫০০ শয্যা পাঁচতলা হোস্টেল ভবন, তিনটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশন প্ল্যানের আওতায় ১০ তলা ভিতের ছয়তলা বার্ন ইউনিট, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভিতের তিনতলা ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়, মাল্টিপারপাস হল ইত্যাদি।
সর্বশেষ ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ এসেছিলেন শেখ হাসিনা। চার বছরের বেশি সময় পর বঙ্গবন্ধুকন্যার আগমন উপলক্ষ্যে গোটা ময়মনসিংহ বিভাগে এখন সাজ সাজ রব। নগরীর প্রতিটি সড়কে ব্যানার-ফেস্টুন, তোরণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি। ব্যাপক উৎসাহ নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছেন সবাই।







