জীবন আচার্য, যশোর থেকে :-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের জের ধরে মোবাইল দোকানি মোনায়েম হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ছাতিয়ানতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। যবিপ্রবির অধ্যাপক ড. ওমর ফারুক বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।ঘটনার পর বুধবার বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ দেখা যায়। পাশাপাশি আমবটতলা বাজারের বেশিরভাগ দোকানই বন্ধ ছিল; অনেকেই গ্রেপ্তার আতঙ্কে দোকান খোলেননি।জানা যায়, সোমবার মোবাইল সার্ভিসিংয়ের সময় নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেন দোকানি মোনায়েম। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে আরও লোকজনকে ডেকে আনলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই সাংবাদিকসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় এক সাংবাদিকের সাইকেলেও আগুন দেওয়া হয়।রাত ৯টার পর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টোরিয়াল টিম আহতদের দেখতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শন করেন।যবিপ্রবির শিক্ষার্থীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং প্রয়োজনীয় টহল জোরদার করা হয়েছে।








