কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকালে উলিপুর প্রেসক্লাবের হলরুমে স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম এর সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের উলিপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক নুরবক্ত মিয়া, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি চন্দন মজুমদার, দিনকালের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান শাহিন, জনতার উপজেলা প্রতিনিধি ইউনুস আলী, তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি প্রভাষক মুরাদ হোসেন মন্ডল, প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি চন্দন সরকার, জনকন্ঠের উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম ও মোবাশ্বেরুল ইসলাম মুরাদ প্রমুখ।
এ সময় বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের উন্নয়নে ও কল্যাণে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তার প্রতিষ্ঠিত যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকা সত্য ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন।
সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত ও যুগান্তরের প্রকাশক সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক আবুল কালাম আজাদ। #
হাফিজুর রহমান সেলিম








