মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১০৬ জন প্রার্থী।যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। প্রার্থীদের দাবি, ২০২৫ সালের নিয়োগে যশোর জেলায় মোট ২৯০ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র দেওয়া হয়েছে ১৮৪ জনকে। বাকি ১০৬ জন এখনো নিয়োগপত্র পাননি।ভুক্তভোগীদের অভিযোগ, কোনো নির্দিষ্ট কারণ না জানিয়েই তাঁদের নিয়োগ থেকে বাদ রাখা হয়েছে। অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে গেছে। কেউ কেউ শিক্ষক পদে যোগদানের আশায় আগের চাকরিও ছেড়ে দিয়েছেন বলে জানান।এর আগে বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছেও তুলে ধরেন ভুক্তভোগীরা। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।দ্রুত তদন্ত করে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১০৬ জনের নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রার্থীরা। দাবি পূরণ না হলে আরও কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তাঁরা।








