মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে এসে একটি ব্যক্তিগত গাড়ির চালককে আহত করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (বিএসইজেড) সিপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দু’জন হলেন চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী। তারা সম্পর্কে দেবর-ভাবি। আহত গাড়িচালক মো. সেলিম (৪২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মিঠারখাল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড় এলাকায় আসেন ইয়াছা ও জোবেদা। বিকেলে নির্জন স্থানে পৌঁছে তারা চালককে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ আহত চালক ও আটক দু’জনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চট্টগ্রাম শহর থেকে আসা দুই যাত্রী চালককে আহত করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গাড়ির মালিকও থানায় এসেছেন। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








