নিজস্ব প্রতিনিধি –
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ‘বিকল্প নির্বাহী পরিচালক’ (Alternate Executive Director) পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিশ্ব ব্যাংকের “পরিচালক” হিসেবে প্রচারিত হলেও, মূলত তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের নির্ধারিত কনস্টিটিউয়েন্সির উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
লক্ষ্মীপুর জেলার সন্তান আব্দুর রহমান খান বিসিএস কর ক্যাডারের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। তিনি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি পূর্বে ইস্ট তিমুরে বিশ্ব ব্যাংকের উপদেষ্টা পদেও নিয়োজিত ছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে আগস্টে এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে স্থলাভিষিক্ত হন। অতি সম্প্রতি তিনি এনবিআর প্রধানের পদ থেকে তাঁর স্বাভাবিক সরকারি চাকরিজীবন সম্পন্ন করেন।
চাকরির মেয়াদ শেষে অবসর-উত্তর ছুটি (PRL) স্থগিতের শর্তে সরকার তাঁকে নতুন এই বৈশ্বিক দায়িত্বে পদায়ন করেছে। নতুন দায়িত্বে আব্দুর রহমান খান ওয়াশিংটন ডিসিতে অবস্থান করে বিশ্ব ব্যাংকে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে গঠিত ভোটিং গ্রুপের প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।







