আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ০৩) দেখিয়ে যেতে বলেছে।
এদিকে একই কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর প্রভাব পড়েছে উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, সীতাকুণ্ড ও নোয়াখালীর সঙ্গে নৌ-যোগাযোগ ব্যাহত হয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রয়েছে সন্দ্বীপ।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপের বৃহত্তর ঘাট গুপ্তছড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরির অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শত শত ট্রাক, বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি। একই চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটেও, যেখানে বিভিন্ন পণ্যবাহী যানবাহন সন্দ্বীপমুখী হয়ে আটকা পড়ে আছে।
দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে আসা এসব যানবাহনের চালক ও সহকারীরা কেউ কেউ টানা দুই থেকে তিন দিন ধরে ঘাটে অবস্থান করছেন। তবে গুপ্তছড়া ঘাটে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সেখানে নেই কোনো আবাসিক হোটেল, রেস্তোরাঁ কিংবা ন্যূনতম ওয়াশরুমের ব্যবস্থা। ফলে অনেককেই নিজ নিজ যানবাহনেই দিন-রাত কাটাতে হচ্ছে।
চলমান ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় আজও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ফলে আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ঘাটে আটকে পড়া চালক ও যাত্রীরা।







