রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে মাহবুবুর রহমান নামে এক চেয়ারম্যানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ৫ নভেম্বর রবিবার দিবাগত রাত ১০টার দিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং মিঠাপুকুর উপজেলা জামায়াতের বর্তমান সহকারী সেক্রেটারি। হত্যার অভিযোগে উপজেলার সদরপুর জোড়সষ্টি গ্রামের আজিম উদ্দিনের ছেলে হারুন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। জানা যায়, হারুন মিয়া তার ভাই মাছ ব্যবসায়ী হাকিম মিয়ার দোকান থেকে মাছকাটার বটি নিয়ে এসে চেয়ারম্যানকে পিছন থেকে এলোপাতারি কোপান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হোটেল ব্যবসায়ী আবু সাঈদ ও রায়হান কবির বলেন, পায়রাবন্দ থেকে চেয়ারম্যানকে এ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল নেওয়ার পথে মর্ডান মোড়ের কাছাকাছি গেলে তিনি আল্লাহকে স্মরণ করে কলেমা পড়ে। এরপর অনুভব করতে পারি চেয়ারম্যান আর নেই। তবুও হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী বলেন, গত রবিবার রাত ১০টার পায়রাবন্দ বাজারে নিজের ঔষধের দোকান মের্সাস মডেল মেডিকেল ষ্টোর বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হারুন মিয়া মাছকাটার বটি নিয়ে এসে চেয়ারম্যানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সে সময় স্থানীয় লোকজন হারুন মিয়াকে আটক করে। চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার সংবাদ পেয়ে ছুটে আসে শত শত মানুষ। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এক মহলের ইন্ধনে জামায়াতের এ নেতাকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আটক হারুন মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করে। এএসপি (ডি সার্কেল) আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, চেয়ারম্যানকে মাছকাটার বটি দিয়ে হারুন মিয়া নামে এক ব্যক্তি কুপিয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।








