রংপুর বিভাগীয় প্রতিনিধি:
প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে এসে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। রংপুরের বাস কাউন্টারগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট মিলছে না। অভিযোগ রয়েছে,
কাউন্টারগুলোতে টিকিট বিক্রির নামে চলছে চরম নৈরাজ্য। কালোবাজারে বিক্রি করা হচ্ছে। অথচ ২৮ মার্চ পর্যন্ত কোনও টিকিট নেই বলে ঘোষণা দিয়েছে কাউন্টারগুলো। রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের জেলাগুলোতে প্রতিদিন দুই শতাধিক এসি-ননএসি বাস চলাচল করে।
ঈদ শেষে ফিরে যাওয়ার জন্য ঢাকা কোচ স্ট্যান্ডে এসে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারগুলো সিন্ডিকেট করে আগাম ২ থেকে ৩ গুণ বেশি দামে কালোবাজারি এবং তাদের সিন্ডিকেট চক্রের কাছে টিকিট বিক্রি করে দিয়েছে।
ঢাকা কোচ স্ট্যান্ডে বিভিন্ন বাস কাউন্টারে চরম নৈরাজ্যকর অবস্থা লক্ষ্য করা গেছে। যাত্রীদের অভিযোগ, ঈদের আগে এবার কোনও বাসের কাউন্টার অগ্রিম টিকেট বিক্রি করার আগাম ঘোষণা দেয়নি। বেশির ভাগ কাউন্টারে কয়েকশ টিকিট নিজের কাছে রেখে কালোবাজারে বিক্রি করে শত শত যাত্রীকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে, টিকিট না পেয়ে কর্মস্থলে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার যাত্রীর। চট্টগ্রামের যাত্রী আফসানা বেগম, সাখাওয়াত হোসেনসহ অনেক যাত্রী বলেন, টিকিট না পেয়ে তাদের চাকরিতে যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকাগামী যাত্রী সালেহা বেগম, গার্মেন্টস কর্মী আবেদা বেগম বলেন, তারা দুদিন ধরে টিকিটের জন্য ঘুরছেন।
তাদের আশ্বাস দিয়েও টিকিট দেওয়া হয়নি। যাত্রীদের অভিযোগ, টিকিট নিয়ে নৈরাজ্য চলছে, অথচ দেখার কেউ নেই। এ ব্যাপারে জানতে ফোন করা হলে রংপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের কোনও কর্মকর্তা ফোন রিসিভ করেননি। অফিস থেকে বলা হয়েছে তারা ঈদের ছুটিতে রয়েছেন।







