রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৫) ও আরিফ (৪৯) নামে দুই ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় এক হেলপার গুরুতর আহত হন। আজ ১৩ মার্চ শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার খারুভাজ ব্রীজের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে ও পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী এবং বিআরটিসি ট্রাকের চালক পটুয়াখালীর আরিফ। পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) সঙ্গে রংপুর থেকে সৈয়দপুরমুখী বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।







