রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সভা-সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ২২ ডিসেম্বর শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর শাখার সদস্য সচিব ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড আব্দুল মমিন, সিপিবি রংপুর মহানগর কমিটির সংগ্রামী সাধারণ স¤পাদক কমরেড রাতুজ্জামান রাতুল প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা সিপিবি রংপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ স¤পাদক কমরেড কাফি সরকারসহ নেতাকর্মীগণ। বক্তাগণ সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা আরোপে মেরন্ডদহীন নির্বাচন কমিশন ও ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন সরকারের তীব্র সমালোচনা করে অবিলম্বে সভা সমাবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানান। বক্তাগণ আরও বলেন, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে হাস্যকর পাতানো খেলায় পরিণত করেছে। ফলে একদিকে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, অন্যদিকে জণগণের কাছে সরকারের ন্যূনতম জবাবদিহিতার দায়বদ্ধতার জায়গাটুকুও আর থাকলো না। সরকার জণগণের মতামতের তোয়াক্কা না করে নিজেদের খুশিমত কাজ করছে। সরকারের এ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়।







