রাজধানী ঢাকায় সোমবার সকাল থেকে একযোগে তিনটি বড় আন্দোলন চলায় সাধারণ মানুষ ও অফিসগামীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহীদ মিনার, শিক্ষা ভবন ও ইস্কাটন এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও চাকরিপ্রত্যাশীরা পৃথক দাবি নিয়ে অবস্থান নিয়েছেন। পুলিশ অতিরিক্ত সতর্কতা নিয়েছে, তবুও যান চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা, শহীদ সোহরাওয়ার্দী, নজরুল, মিরপুর বাংলা ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে শিক্ষা ভবনের সামনে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারি করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে প্রধানত মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি জানাচ্ছেন।
১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ জন প্রার্থীরা এনটিআরসিএ কার্যালয়ের সামনে দাবিতে অবস্থান নেন। তারা শূন্যপদ পূরণ এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।
একই দিনে একাধিক আন্দোলনের কারণে সচিবালয়, পলাশী, বকশীবাজার, ইস্কাটন ও শহীদ মিনার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। অফিসগামী, শিক্ষার্থী ও রোগীদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ব্যারিকেড ও মিছিলের কারণে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।








