সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও এলাকায় এবং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও এলাকার আমিরুল ইসলামের পাঁচ বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার (৫) এবং কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকার মৃত কার্তিক হোসেনের ছেলে হামিরুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু আয়েশা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাইয়ের সঙ্গে হামিরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন তিনি। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








