রাবি প্রতিনিধি : প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে আবারো মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ধনেশ টুডু’র সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে আদিবাসী স্টুডেন্টস্-এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু) এর সভাপতি সিলভেস্টার রুবেল মুর্মু বলেন, “আমরা সব সময় শুনে থাকি অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়। তাই যদি হয় তাহলে আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার কারণ ও কি তাই?যখন আমরা স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেখানে সহজ সরল ও পিছিয়ে পড়া আদিবাসীদের কেন সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে?”
অন্যান্য বক্তারা বলেন,”আদিবাসীরা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। আদিবাসী কোটা বাতিলের মতো সময় এখনও আসেনি। আদিবাসীদের জন্য যে ৫% কোটা ব্যবস্থা চালু ছিল সেখানে দেখা যায় এই ৫% কোটা কখনোই পূরণ হয়নি। এখনো আদিবাসী জনগোষ্ঠীরা দারিদ্রতার কারণে আর্থ- সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে। “
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) ও রাজশাহী কলেজস্ স্টুডেন্টস এসোসিয়েশন (রাসা), রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ সহ আরও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
Views: 319
Related