মো. মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে শেষ হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলার এনসিপির প্রধান সম্ন্বয়ক মোঃ হারুনুর রশিদ, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনায় শ্রমিক প্রতিনিধিরা অংশ গ্রহণ করে, তাদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তা ঘাটতি ও ন্যায্য মজুরি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, টেকসই শিল্পায়নের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি, আর সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে।







