ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিরজ্ঞাতি-নোয়াগাঁও গ্রামে রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মোঃ লিয়াকত আলী অভিযোগ করেন, স্থানীয় একটি সড়কে সরকারি অর্থায়নে মাটি ভরাটের কাজ চলাকালে কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করা হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুন দুপুরে আবু বক্করের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় লিয়াকত আলীসহ কয়েকজনকে মারধর করা হয়। আহমদ আলী, রহমত আলী, নুর আলী, জুয়েল আহমদ ও রুয়েল আহমদ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠি, রড, দা, রামদা ও ধারালো অস্ত্র ব্যবহার করে আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় গত ৪ জুন রাতে আহত লিয়াকত আলী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








