ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, নির্বাচনে পিআর আটকাতে অনেকে খোঁড়া যুক্তি তুলে ধরছে। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণ পিআর চায় কিনা, তা জানতে দরকার হলে গণভোট করতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ রেজাউল করীম বলেন, আজ ৫৩ বছরেও দেশে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চেয়েছিলাম এ দেশকে সুন্দর করে সাজাবো। এ দেশের টাকা বিদেশে পাচার হবে না। চাঁদাবাজি হবে না। কোনো মায়ের বুক খালি হবে না। আয়নাঘর তৈরি হবে না।
তিনি বলেন, সংস্কার এবং বিচারের নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, তা তারা ভঙ্গ করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হতে দেওয়া হবে না।
রেজাউল করিম বলেন, অনেক দেশ পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়ায় আগাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলছি, সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত মৌলিক সংস্কার আমরা দেখছি না। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই। এটা দৃশ্যমান করতে হবে।







