মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
বুধবার (২১ অক্টোবর) সকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
পানির ট্যাংক স্থাপনের ফলে সাঁওতালপাড়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। দীর্ঘদিনের পানির সংকট লাঘবের পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ট্যাংক স্থাপন কার্যক্রমে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাঁওতালপাড়ায় পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লক্ষ্মীছড়ি জোন।







