মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা ঃ
লক্ষ্মীপুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের কাছিদবাড়ি ব্রীজ সংলগ্ন সওদাগর বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ওই নারী ভিক্ষুক হতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয় লোকজন জানায়, বিকালে সওদাগর বাড়ির বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত পুকুরে অজ্ঞাত নারীর মৃতদেহটি ভেসে দেখতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডোবা থেকে প্রায় ৫৫ বছর বয়সী একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোন দাগও পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।তিনি জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাকে মান্দারী বাজারে ভিক্ষা করতে দেখেছে বলে জানিয়েছে।







