লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে আবারও আগুন দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ট্রাক এনে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক ফরহাদ হোসেনকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে এক যুবক হেনস্তা করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কিছু যুবক বাড়ির সংস্কার কাজে বাধা দেয়। পরে তারা একটি দেয়াল ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাড়িটিতে এ নিয়ে চারবার আগুন দেওয়া হলো।
সংস্কার কাজে যুক্ত শ্রমিক আবদুল মাজেদ বলেন, ‘আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন দেয়।’
সাংবাদিক ফরহাদ হোসেন অভিযোগ করেন, ‘আগুন দেওয়ার পর লুটপাটের সময় ভিডিও করলে আমাকে গালমন্দ করা হয়। ছবি তুলতে গেলে একজন তেড়ে আসে।’
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, নয়নের বাড়িতে গোপনে সংস্কার কাজ হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সাংবাদিক ফরহাদের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনাটি পরে মীমাংসা হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু জানান, সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, সাবেক এমপির বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। আজ আবারও আগুন ধরানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে আছেন। সম্প্রতি তার ভারতের অবস্থানরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।







