মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় মো. রায়হান নামে এক কিশোরের ইটের আঘাতে আবুল হোসেন জাফর (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজুল ইসলাম সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন জাফর ওই বাড়ির মৃত বদিউল আলমের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি-অটোরিক্সা চালক ছিলেন। অভিযুক্ত কিশোর রায়হানও একই বাড়ির জহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রায়হানের মা বিবি জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মিরসরাই থানা পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রায়হান।
মিরসরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেনের বড় ছেলে মুনছুর আলমের সাথে মোবাইলে লুড়– খেলা নিয়ে বৃহস্পতিবার দুপুরে মো. রায়হানের ঝগড়া হয়। দুই কিশোরের ঝগড়ার মধ্যে অভিভাবকরাও জড়িয়ে পড়ে। একপর্যায়ে সন্ধ্যায় রায়হানকে একটি সালিশী বৈঠকে থাকতে বলেন আবুল হোসেন জাফর। এতে রায়হান ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা একটি ইট আবুল হোসেন জাফরের দিকে ছুঁড়ে মারে। এসময় ইটের আঘাতে আবুল হোসেন সাথে সাথে মাটিতে লুটে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিরিনা আক্তার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আবুল হোসেন জাফর দুপুরে সিএনজি চালিয়ে বাড়ি এসে দেখেন তার বড় ছেলে মুনছুরের সাথে রায়হানের ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে রায়হানের মা বিবি জাহেদা ও আবুল হোসেন জাফরও ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার মধ্যে আবুল হোসেনকে লক্ষ্য করে ইট ছুঁড়ে রায়হান। এতে আবুল হোসেন জাফর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
অভিযুক্ত রায়হানের মা বিবি জাহেদা বলেন, আবুল হোসেন জাফরের ছেলের সাথে আমার ছেলের ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে আবুল হোসেন অশ্রাব্য ভাষায় আমাদের গালাগাল দেয়। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে, তাকে আমার ছেলে ইট মারেনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক বাঁধন দাশ বলেন, ‘আবুল হোসেন জাফর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিওরোলজিক্যাল স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। ’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, ‘ইটের আঘাতে আবুল হোসেন জাফর নামে একজনের মৃত্যুর সংবাদ শুনে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিবি জাহেদা নামে একজনকে আটক করা হয়েছে।’








