চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রিজভী সাকিব নামে এক যুবকসহ পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) নিজের জমানো টাকায় দেড় মাস আগে কেনা গাড়িতে বন্ধুদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন সাকিব। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা দুর্ঘটনায় প্রাণ হারান।
সাকিব চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার ফারুক হাসানের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি মেজো।
দুর্ঘটনায় নিহত অন্যান্যরা হলেন- রিজভী সাকিব (২৪), হারুনুর রশিদ (৩০), সাইদুল (৩৩), ও সাদমান। বাকি একজনের পরিচয় জায়নি।
সাকিবের বাবা ফারুক হাসান বলেন, কিছুদিন আগে মহসিন কলেজ থেকে বিবিএ শেষ করেন সাকিব। সামনে এমএবিতে ভর্তি হওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।
তিনি বলেন, প্রাইভেট কারটি সাকিবের। সে নিজে পাঠাও চালাতো, সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করত। এভাবে টাকা জমিয়ে দেড় মাস আগে কারটা কিনেছিল। গাড়িটি সে নিজেই চালাত। অনেক শখ করে গাড়িটি কেনে। সেই গাড়িতেই মারা গেল আমার ছেলে… এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন ফারুক হাসান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।







