মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে বিষ ঢেলে মাছের পোনা নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পালগ্রামে মৎস্য চাষী রেজাউল করিমের পুকুরে রাতের আঁধারে শত্রæতাবশত বিষ ঢেলে দেয় অজ্ঞাত ব্যক্তি।
মৎস্য চাষী রেজাউল করিম বলেন, ‘বিক্রির উদ্দেশ্যে আরে দুই মাস আগে কার্পু, তেলাপিয়া ও রুই মাছের ডিম এনে পুকুরে ছাড়া হয়, ডিম থেকে রেণু ফোটে। মঙ্গলবার সকালে একটি পুকুরের সব মাছের পোনা মরে ভেসে উঠতে দেখি। বেলা বাড়ার সাথে সাথে পুরো পুকুরে মৃত পোনা ভেসে উঠতে থাকে। এতে করে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে ১০ দিন পূর্বে আমার আরো ২টি পুকুরেও বিষ ঢেলে মাছ নিধন করা হয়। ওই সময় ২ লাখ টাকার ক্ষতি হয়েছিল। কেউ শত্রæতাবশত পুকুরে বিষ ঢেলে মাছ মেরেছে বলে মনে হচ্ছে। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেবো।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘দুর্গাপুর ইউনিয়নে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’







