জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আইনগত কোনো বাধা না থাকার পরও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। তিনি এটিকে কমিশনের বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম।
সারজিস বলেন, ‘ইসি বলছে শাপলা প্রতীক সংযুক্ত করা হয়নি। অথচ আমরা আবেদন করার পর এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আমরা ইতোমধ্যেই পুনরায় আবেদন করেছি।’
এছাড়া তিনি নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ তুলে সরকারের পদক্ষেপকে সমালোচনা করেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে সরকারের সফরের সময় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যা সুপষ্ট গাফিলতি। তিনি দাবি করেন, ভবিষ্যতে দায় বহন করা বিবৃতি দিয়ে পদক্ষেপ শেষ না হয়ে, সরকারকে স্পষ্টভাবে ব্যবস্থা নিতে হবে।
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রিতম দাশ প্রমুখ।






