সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজকে ঘিরে তিতাস উপজেলায় বইছে ভোটের আমেজ।
পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা, আরাধনা ও আনন্দ-উৎসব শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে।
তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে এই দুর্গাপূজা উদযাপন পূজামণ্ডপে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যাপক আনাগোনায় ভিন্ন মাত্রা পেয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পূজামণ্ডপে গিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন।
মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালিয়ে গেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।
এতে নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আকর্ষণের প্রয়াসই ফুটে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিতাসে এইবার ১৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে কাজ করছে। দূর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। থানার ওসি তদন্ত মো: মফিজ উদ্দিন।
প্রশাসনের পাশাপাশি কুমিল্লা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
পরিদর্শনকালে ইঞ্জি. মতিন খান বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি বিশ্বাস করে প্রতিটি মানুষ তার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করার অধিকার রাখে।” এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আরও দুয়েকজনকে পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখা গেছে।
অপরদিকে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখা যায়।
গুঞ্জন রয়েছে ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞকে কুমিল্লা-২ আসন এ জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষনা করা হতে পারে।
এদিকে দেশের পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন কাজের পাশাপাশি তাদের দল গোছানোর সাংগঠনিক কার্যক্রমও কোন অংশে পিছিয়ে নেই।
কুমিল্লা-২ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকারকেও দলীয় নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময় সভা করতে দেখা যায়।
পূজা মণ্ডপে নেতাদের বাড়তি উপস্থিতি স্থানীয় রাজনীতি ও দুর্গাপূজাতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ নিজ দলের পক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সমর্থন ও ভোট আদায়ের জন্য পূজা মণ্ডপ গুলোতে এবার বেশী সক্রিয় হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
Views: 154
Related