মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, র্যালি, শুভেচ্ছা বিনিময় ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষকদের অবদান ও মর্যাদা তুলে ধরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা সেই মেরুদণ্ড গড়ার প্রধান কারিগর। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক একটি প্রজন্মকে পরিবর্তন করে দিতে পারেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
শিক্ষকরা প্রতিকূলতার মধ্যেও জ্ঞান ও আলোর মশাল হাতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ ও নিষ্ঠার কারণেই শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাচ্ছে।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জসহ দেশের সকল শিক্ষকের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।








