চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় ছাত্রশিবিরের নেতারা বলেন, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে। এরপর তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। যদিও পুলিশ ইতোমধ্যে এই ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা দেশে নারী হেনস্তা ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটিয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়। সভায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন ও মিরসরাই ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে মিরসরাইয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।








