রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ ভূঁইয়া আমানের বাড়িতে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ মে) ভোর ৪ টার দিকে যোশর ইউনিয়নের সৃষ্টিগড়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর ৪ টার দিকে বাড়ির গ্রীলের তালা কেটে ভিতরে গিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। টিন সেট বিল্ডিংয়ের বাড়িতে দুই রুমের সকল মালামাল পুড়ে গেছে। গতকাল রাতে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নরসিংদী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ ভূঁইয়া আমান বলেন, গতকাল রাতে কে বা কারা বাড়ির তালা কেটে ঘরের ভিতর আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আমার বাড়ির সকল মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। এটা দুর্ঘটনা নাকি কেউ আগুন দিয়েছে এটা বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে।