রাব্বি সরকার: শনিবার দিবাগত রাতে একটু বৃষ্টি হয় নরসিংদীর শিবপুরে। পরেদিন সারাদিন বিদ্যুৎ পায়নি বিভিন্ন এলাকায়। এরপর রবিবার রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। পরের দিনেও একই অবস্থা। ঝড়-বৃষ্টির আভাস মিলতেই অনেক জায়গায় চলে যায় বিদ্যুৎ। এক-দেড় ঘণ্টা পর ঝড়-বৃষ্টি থেমে গেলেও অনেক জায়গায় টানা ১২-১৩ ঘন্টায় ফেরে বিদ্যুৎ।
১২-১৩ ঘন্টা পর আসলেও আবার চলে যায় ১-২ ঘন্টা পরেই। এভাবেই চলছে শিবপুরের বিদ্যুৎ বিভাগ। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিবপুর বাসীর।
শিবপুরে গত কয়েকদিন দিন ধরে রাতের বেলায় মাঝে মাঝে ঝড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে বৃষ্টি। চমকায় বিদ্যুৎ। কিন্তু বৃষ্টি শুরুর আগেই শুরু হয় বিদ্যুতের লুকোচুরি খেলা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে শিবপুরের বিভিন্ন এলাকার মানুষকে।
গ্রাহকদের অভিযোগ, একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও কিছুক্ষণ পরপর ফের বিচ্ছিন্ন করে দেয়।
জানা যায়, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতে সম্প্রতি বিদ্যুতের ভোগান্তি চরমে পৌঁছেছে। সাথে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগও রয়েছে। গত কয়েক মাস ধরে শিবপুর বাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে। ক্ষোভে ফুঁসছে শিবপুরের জনগণ।
এলাকাবাসীর অভিযোগ, ভুতুড়ে বিদ্যুৎ বিল আসলে অফিসে যোগাযোগ করেও মিলছে না সমাধান। আর ঘন্টার পর ঘন্টা পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ না থাকায় হেল্প লাইনে কল করেও পাওয়া যায় না তাদের। মাঝেমধ্যে দু একজনের কল রিসিভ করলেও লাইনম্যানরা করছে চরম দুর্ব্যবহার।
এই বিষয়ে বক্তব্য নিতে শিবপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ সাইফুল আলম ‘কে একাধিকবার কল করার হলেও তিনি রিসিভ করেননি।
Views: 278
Related