জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ(১৩ নভেম্বর) নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৩ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আজকের (১৩ নভেম্বর) দিনটিকে রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণের জন্য রেখেছিল। আদালত সেদিন জানিয়েছিল, রায়ের দিন ঘোষণা করা হবে “খুব শিগগিরই”।
এদিকে, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্বের পাশাপাশি আজ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবেন।
একজন দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, আদালত এলাকায় যেকোনো ধরনের অস্থিতিশীলতা, হট্টগোল বা নাশকতা ঠেকাতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সূত্র জানায়, ট্রাইব্যুনালের আজকের সিদ্ধান্তের পর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলে পরবর্তী ধাপে মামলার রায় ঘোষণা করা হবে।







