রোমারিও শেফার্ডের তাণ্ডবের পরও রংপুরের রানের নিচে চাপা পড়ল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৮৮ রান তাড়ায় চট্টগ্রামের ইনিংস থেমেছে ১৬৯ রানে। অন্যদিকে ১৮ রানে জিতে শীর্ষস্থান আরো মজবুত করল রংপুর।
চট্টগ্রামের হয়ে একাই লড়েছেন রোমারিও শেফার্ড। তার দানবীয় ইনিংসের পরও হার নিয়েই মাঠ ছাড়তে হল চট্টগ্রামকে। ৩০ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই বড় কোনো ভূমিকা রাখতে পারেননি।
এর আগে ৫২ রানে রংপুর রাইডার্সের ৩ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল চ্যালেঞ্জার্সরা। তবে দুর্দান্ত জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব আল হাসান। সঙ্গ দেন শেখ মেহেদি হাসান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে রংপুর।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সাকিব।







