বিশ্বকাপে টানা তৃতীয় হারের স্বাদ পেল শ্রীলঙ্কা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। লঙ্কানদের তারা হারিয়েছে ৫ উইকেটে।
শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারো শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে দুই ব্যাটিং স্তম্ভ ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথকে।
এক ওভারে জোড়া শিকার করেছেন দিলশান মাদুশঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নার (৬ বলে ১১) আর শেষ বলে স্মিথকে (৫ বলে ০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন লঙ্কান এই পেসার।
২৪ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। সেখান থেকে অজিদের উদ্ধার করেন অভিজ্ঞ মারনাস লাবুশেন ও মিচ মার্শ। চাপ কমাতে মারমুখী হয়ে উঠেন মিচেল মার্শ। ৩৯ বলেই ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। তবে তার মারকুটে ইনিংসটি থেমেছে রানআউটে কাটা পড়ে। দুই নিতে গিয়ে রানআউট হন মার্শ। ৫১ বলে তার ৫২ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার।
তৃতীয় উইকেট জুটিই মূলত জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়াকে। মারনাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৭৭ রানের অনবদ্য এক জুটি গড়েন জশ ইংলিশ। বেশ দেখে শুনেই শ্রীলঙ্কান স্পিনারদের মোকাবেলা করছিলেন এই দুই ব্যাটসম্যান।
তবে ব্যাটিং দেখে এক পর্যায়ে মনে হচ্ছিল লাবুশেন হাফসেঞ্চুরি তুলে নিবেন কিন্তু তার আগেই ৪০ রানে তাকে আউট করেন সেই মাদুশাঙ্কা। ৬০ বলের ইনিংসে তিনি দুটি চার মারেন। লাবুশেন আউট হলেও অন্য প্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ইংলিশ। তবে তাকে শেষ দিকে ফেরান ওয়েলালাগে। ৫৯ বলে ৫৮ রান করা ইংলিশের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার।
৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শ্রীলঙ্কান বোলারদের বেধরক মারতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যাটিং ২১ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস অজিদের ১৬ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। স্টইনিস ২০ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে মাদুশাঙ্কা ৩টি ও ওয়েলালাগে ১টি করে উইকেট পান।








