বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ক্রিকেট খেলা শুরু হচ্ছে বুধবার (১৪ জুন)। সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ টেস্ট।
এমনিতে মিরপুরে উইকেট সব সময়ই আলোচনার বস্তু। ফল বান্ধব উইকেটে বরাবরই এখানে স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন। এবার ব্যতিক্রম দেখার আভাস স্পষ্ট। উইকেটে আছে যথেষ্ট ঘাস। তারমধ্যে কাটা ঘাস ছিটিয়ে রোল করে দেওয়া হয়েছে।
প্রায় ৪ বছর পর সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দু’দল। টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের ইনজুরি। তবে নিজেদের মাঠে জয়ের বিকল্প কিছু ভাবছে না স্বাগতিক বাংলাদেশ দল। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তানও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলাটি শুরু হবে সকাল ১০টায়।
স্পিনে আফগানিস্তান ক্রিকেট দল বরাবরই ভালো। তাদের দলেও বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছে। স্পিন উইকেট দিয়ে যেনো হিতে বিপরীত না হয়ে যায় বাংলাদেশের, তাই এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে বাউন্সি উইকেটে খেলবে স্বাগতিকরা।
নিজেদের মাঠে গত এপ্রিলে বাংলাদেশ দল সবশেষ টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিলো। সাফল্যের ধারাবাহিকতা এই খেলাতেও ধরে রাখার লক্ষ্য টাইগারদের। তবে ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলকে চিন্তায় ফেলেছে ইনজুরি সমস্যা। পিঠের ব্যথা থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তার খেলা নিয়ে রয়েছে কিছুটা সংশয়। শেষ মুহুর্ত পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে বাকিরা সবাই পরীক্ষিত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
২০১৯ সালে দু’দলের শেষ সাক্ষাতে টেস্টে বাংলাদেশকে হারিয়েছিলো আফগানিস্তান ক্রিকেট দল। দীর্ঘ সময় হলেও, সেই জয় থেকে এবারো অনুপ্রেরণা খুঁজছে আফগানরা। পিচের চরিত্রই যা হোক আফগানিস্তান লড়াইয়ের জন্য প্রস্তুত।
একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দেয়ার লক্ষ্য দু’দলের ক্রিকেটারদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।








