মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।সড়ক কখনো শুধু পথ দেখায় না-কখনো সে বয়ে আনে স্বজন হারানোর হাহাকার, কখনো কোনো পরিবারের স্বপ্ন থমকে যায় তারই বুকের ওপর। সেই বেদনার ভার কিছুটা লাঘব করতে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনার ক্ষত মুছে দেওয়ার ক্ষমতা হয়তো অর্থের নেই, তবে শোকাহত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার এই চেক যেন কঠিন সময়ে একটু আশ্বাসের স্পর্শ।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৩ জনের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের সদস্যদের ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনকে ১৪ লাখ টাকা দেওয়া হয়। শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল এবং সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় দিনাজপুর সার্কেলের ৭৩ জন ক্ষতিগ্রস্তকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের জন্য ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনের জন্য ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর ই আলম সিদ্দিকী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও জানানো হয়, দিনাজপুর সার্কেলে এ পর্যন্ত ২৯৮টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুক‚লে মোট ১০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার পর ক্ষতবিক্ষত জীবনে অর্থ কোনোদিন স্বজন হারানোর শূন্যতা পূরণ করতে পারে না। তবু বিপন্ন সময়ে রাষ্ট্রের এই সহায়তা যেন সেই শোকের অন্ধকারে ছোট্ট একটি প্রদীপ—যার আলোয় হয়তো কোনো পরিবার আবারও আগামী দিনের পথটুকু একটু সাহস নিয়ে পাড়ি দিতে পারবে।
অপরদিকে একই দিন বিকেল পাঁচটায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলার সারের উত্তোলনে, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।








