রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় সড়কের পাশের খাদে পড়ে থাকা অবস্থায় মোস্তাক আলী (৪৮) নামে ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ৪ অক্টোবর শুক্রবার সকালে সদর উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দারিয়াপুর এলাকায় কইমারা ব্রিজের অদূরে একটি ইটভাটা সংলগ্ন সড়কের পাশে খাদের পানিতে মোটরসাইকেলসহ তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। সংবাদ পেয়ে পরিবারের সদস্য এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত মোস্তক আলী সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ও উত্তর আনালেরতাড়ি গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বৃহ¯পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দাড়িয়াপুর বাজারে যান মোস্তাক আলী। এরপর গভীর রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। পরে ভোররাতে পাকা সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুম হক্কানি বলেন, মোস্তাক আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে জুয়েল মিয়া ও সোহেল রানা ছিলেন। তাদের মধ্যে আহত জুয়েলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তাক আলীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কেউ বলেন, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুহয়েছে। আবার কেউ বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করতে পারে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।








