আপনি ইচ্ছা করলেও সবার প্রিয় হতে পারবেন না। আপনাকে সবাই পছন্দও করবে না। কারও মতো হতে গিয়ে, কারও মতের সঙ্গে তাল মেলাতে গিয়ে কিংবা কারও স্বার্থ পূরণ করতে গিয়ে যতটুকু সময় ব্যয় করবেন— ততটুকুই নষ্ট হবে। কষ্ট পাবেন অযথা।
সারাজীবন পাশে থেকেও যখন পক্ষের বিপক্ষে এক-দুটি সত্য বলবেন, তখন আপনার পরিশ্রম ও অর্জন সব শেষ। ব্যক্তি স্বার্থ ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে অবস্থান করতে পারে— এমন সত্তা বিরল। সম্পর্কের মাপকাঠি যেখানে স্বার্থ, সেখানে সত্যের চেয়ে আবেগের কদরই বেশি।
আপনার যুক্তি সেখানে অসার। বিরুদ্ধতাকে ‘পাগলের প্রলাপ’ বলেও ভাগাড়ে ফেলে দিতে পারে মানুষ। বাস্তবতার বাস্তবায়ন সেখানে কঠিন। আবেগে ও কল্পনায় ভেসে থাকা মানুষকে সত্য উপলব্ধি করানো যায় না।
আপনি আলু হলে দরদের শেষ থাকবে না— তবে তাতে আপনার দুঃখও ফুরাবে না। মানুষ হতে না পারার দুঃখ, বিবেককে কাজে লাগাতে না পারার দুঃখ আপনাকে আজীবন তাড়িয়ে বেড়াবে। ব্যক্তিত্বহীন হয়ে বাঁচা মানে না-বাঁচার নামান্তর।
অন্ধ সমর্থন দলকে জেতাতে পারে কি না, দাবি আদায়ে সহায়ক কি না— সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আপনি যে হারিয়ে গেলেন, হাসির পাত্র হলেন— সেটাই পরিতাপের। সবার প্রিয় হয়ে বাঁচতে গেলে আপনি কারোরই প্রয়োজনের ঊর্ধ্বে উঠতে পারবেন না।
সবার মন জুগিয়ে চলা, চাহিদা বুঝে কথা বলা কিংবা চাওয়া মতো আচরণ করা দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্যের পরিপন্থি। লোভাতুর সমাজে আপনার শত্রু বাড়ছে বলেই আপনি ঠিক পথে আছেন।
‘জি হুজুর’, ‘জাঁহাপনা’ বলতে বলতে আপনার জিহ্বার তেল ফুরিয়ে যাবে, চামড়া শুকিয়ে যাবে— তবুও কারও মন পাবেন না। কাজেই বাঁচতে হলে নিজের বিশ্বাস ও বুদ্ধি মতোই বাঁচুন। যুক্তি ঠিক থাকলে সেটা নিয়ে যুদ্ধ করুন।
সত্যের পক্ষে লড়তে লড়তে মরলেও লাভ— অন্তত লাশের রাজনীতিতে আপনি অন্যরকম মর্যাদা পাবেন। কারও পক্ষে বলতে বলতে আপনার শোকসংবাদ প্রচার হতে পারে, কিন্তু মানুষের মন জয় করা এত সহজ নয়।
মানুষ প্রকৃতিগতভাবেইস্বার্থপর ও অকৃতজ্ঞ। সে নিজের সুখের ঊর্ধ্ব কল্পনায় অন্যের শান্তি-স্বস্তিকে প্রাধান্য দিতে পারে না। নিজের বেলায় একরকম যুক্তি আর অন্যের বেলায় নানারকম যুক্তি দেখিয়ে মুক্তির গান রচনা করতে চায়।
সত্যের পক্ষে লড়ুন এবং বলুন! সেটা কার পক্ষে যায় কিংবা কার বিপক্ষে হয়— এই হিসাব করবেন না। সত্য নিজেই একটা পক্ষ। তার চলার পথ সে নিজেই আবিষ্কার করে নেয়। বিবেকের দায়েরকৃতকেইস কৈফিয়ত নেবে আপনার প্রতিটি পদক্ষেপের। সত্যের পক্ষে থাকুন— কারও মনোরঞ্জনের জন্য নয় বরং বেদনাই আপনাকে আবিষ্কার করুক।
রাজুআহমেদ, প্রাবন্ধিক।
Raju69alive@gmail.com








