আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের কর্মী হাফেজ কামরুল হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, যুবদলের যেসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মুরাদ হোসাইন, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মোহাম্মদ জাফর ইকবাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।







