সন্ধ্যা হলেই সবাই জড়ো হন এক জায়গায়। এরপর চলে টার্গেট নির্ধারণ। এরপরই সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেন সর্বস্ব। চট্টগ্রামে অভিযান চালিয়ে এমন একটি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি জাহিদুল কবীর। এর আগে, মঙ্গলবার রাতে পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জয় বড়ুয়া, মো. সোহেল, মো. জুনায়েদ, মো. বাচ্চু ওরফে বুলেট, শহীদ হাওলাদার, মো. রাসেল, মো. জাকির ও মনির হোসেন।
ওসি বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে একটি চক্র পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান করছে- এমন খবরে সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি টিপ ছুরি উদ্ধার করা হয়। সন্ধ্যা হলে এক জায়গায় জড়ো হয়ে টার্গেট ঠিক করতেন তারা। এরপর সুযোগ বুঝে মানুষকে অস্ত্রের মুখে জিন্মি করে টাকা-মোবাইলসহ দামি জিনিসপত্র হাতিয়ে নিতেন। এভাবে ভোররাত পর্যন্ত চলতো তাদের ছিনতাই কার্যক্রম।
ওসি আরো বলেন, গ্রেফতারদের মধ্যে জয়ের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি, সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে তিনটি, বাচ্চুর বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি, শহীদের বিরুদ্ধে ডাকাতির একটি এবং রাসেলের বিরুদ্ধে ডাকাতি ও দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে।







