বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘দেশের সম্পদ লুটপাট করে বিদেশ পাঠায় যারা, তারা এই দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না। গত ৫০ বছরে যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে, তারা সকলেই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পিটিআই, সাহাপাড়া, মধ্যকুমারখালীর পরে রায়েরকাঠীর রাজবাড়ীতে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়া তিনি ঝাটকাঠীর শিকদারবাড়ী ও সি-অফিসে গণসংযোগ শেষে অটো শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।
মাসুদ সাঈদী বলেন, ‘৫ই আগস্টের পর আমরা জামায়াত শিবিরের ভাইদের প্রতিটি মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি, সমাজে হানাহানি ঘটাই না। সামনে যে সময় আসছে, যদি আমরা একই ভুল করি, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি দেশকে সত্যিকারে ভালোবাসেন, তাহলে যারা ন্যায়, ইনসাফ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলে তাদের সঙ্গে থাকুন। যারা স্বাধীনতার কথা বলে, কিন্তু দুর্নীতি করে, সম্পদ লুন্ঠন করে এবং হিন্দুসহ অন্যান্য ধর্মের ওপর হামলা চালায়, তারা কোনোদিন স্বাধীনতার শক্তি হতে পারে না।’
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পৌর আমীর মাওলানা ইসহাক আলী খান, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী।







