সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেখানে হিরো আলম ছাড়াও তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক তারকাও অংশ নিয়েছিলেন।
দুবাইতে গিয়ে দীঘির সাথে হিরো আলমের কথা হয়েছিল কিনা। এমন প্রশ্নে হিরো আলম গণমাধ্যমকে বলেন, দীঘির সাথে দেখা হয়েছিল। শুধু দীঘির সঙ্গে নয়, অনুষ্ঠানে অংশ নেয়া সব তারকার সাথে দেখা হয়েছিল।
ভবিষ্যতে দীঘির সাথে সিনেমা করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে হিরো আলম বলেন, দীঘির সাথে সিনেমা করার ইচ্ছা আছে। তবে এ বিষয়ে দীঘির সম্মতির ব্যাপার আছে। সে যদি রাজি হয় তা হলে অবশ্যই অভিনয় করব।
তিনি আরো বলেন, দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। আসছে পবিত্র মাহে রমজানে ভক্তদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।
হিরো আলম বলেন, আমি পেশাদার কণ্ঠশিল্পী নই। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। আশা করছি এ গান নিয়ে কেউ ট্রল করার সাহস পাবে না। এখন সম্পাদনা শেষে শিগগির গানটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।







