সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মূল কথা হচ্ছে অনেক হয়েছে, এবার বিদায় হও। জনগণের রক্ত শোষণ করে খেয়েছ এবার বিদায় হও। পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। যেই তত্ত্বাবায়ধক সরকার নতুন কমিশন গঠন করবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি স্বাধীনচেতা, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক। ১৯৭১ সালে জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিলো। পরবর্তীকালে ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। আজকে আবার ফ্যাসিবাদকে হটানোর জন্য সামগ্রিক লড়াই শুরু হয়েছে। এই লড়াই শুধু বিএনপির লড়াই নয়, এটা বিরোধী দলের নয়, এটা জনগণের লড়াই।
‘পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে বিএনপির’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, অদ্ভুত, এ ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়।
ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমাদের অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। আমাদের দুইবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। জনগণের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছেন। মানুষের পকেট কেটে আপনি বড়লোক হচ্ছেন, আর সেই টাকা বিদেশে পাচার করছেন।







